চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার দুপুরে ওড়িশার পুরীর কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গেও। কলকাতা-সহ বিভিন্ন জেলায় চলছে নাগাড়ে বৃষ্টি। দুর্যোগের আশঙ্কায় যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। বৃহস্পতিবার খড়গপুর ডিভিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর বাতিল করা হয়েছে শালিমার-পুরী এক্সপ্রেস এবং ভঞ্জপুর-পুরী এক্সপ্রেস। ২০ নভেম্বর বাতিল থাকবে হাওড়া-পুরী বন্দে ভারত, পুরী-হাওড়া বন্দে ভারত, বাংরিপোশি-পুরী এক্সপ্রেস, পুরী-বাংরিপোশি এক্সপ্রেস এবং জলেশ্বর-পুরী মেমু।
এ ছাড়াও বাতিল করা হয়েছে টাটানগর-বাদামপাহাড়-টাটানগর এক্সপ্রেস, বালেশ্বর-গোপীনাথপুর নীলগিরি-বালেশ্বর এক্সপ্রেস এবং টাটানগর-ব্রহ্মপুর-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস। ফলে পুরী ও ওড়িশার বিভিন্ন রুটে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন যাত্রীরা।
শুধু ট্রেন বাতিলই নয়, একটি ট্রেনের সময়ও বদল করা হয়েছে। ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। নতুন সূচি অনুযায়ী, ট্রেনটি ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। যাত্রীদের বৃহস্পতিবার ও শুক্রবার সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ অবস্থান এবং সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।
এ দিকে সময় যত এগোচ্ছে, পুরীর আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে। প্রায় পর্যটকশূন্য হয়ে পড়েছে সমুদ্র সৈকত। সৈকতের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। হোটেলগুলিতেও পর্যটকের সংখ্যা অনেক কমে গিয়েছে। সমুদ্রের ধারে চলছে কড়া নজরদারি ও মাইক প্রচার।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ওড়িশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে ওড়িশায় এক লক্ষেরও বেশি মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পুরীতে ২১ নভেম্বর পর্যন্ত পর্যটকদের না আসার অনুরোধ জানিয়েছে প্রশাসন। যাঁরা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, তাঁদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
২১ নভেম্বর গুন্ডিচা মন্দির বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূল এলাকায় সতর্কতা জারি রয়েছে।
- More Stories On :
- Cylone Akvan
- Puri
- Vande bharat

