দিল্লিতে বিক্ষোভ শুরু হওয়ার আগেই আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-সহ দলের তিন নেতা। শনিবার সকালে মুম্বই থেকে দিল্লিতে পৌঁছনোর পর বিমানের ভিতর থেকেই তাঁদের আটক করে পুলিশ। অভিজিতের সঙ্গে আটক করা হয় সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন তাঁরা। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে।
শনিবার সকালে মুম্বই থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করতেই বিমানের ভিতরে ঢোকেন পুলিশকর্মীরা। যাত্রীরা বিমান থেকে নামার আগেই অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়। দলের তরফে এই পদক্ষেপের প্রতিবাদ জানানো হয়েছে। তবে ঠিক কোন জায়গায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে, তা প্রাথমিক সংবাদে স্পষ্ট ছিল না।
বিমানের ভিতর থেকেই পুলিশের পদক্ষেপের প্রতিবাদ করতে শোনা যায় অভিজিৎকে। তাঁকে বলতে শোনা যায়, “ওরা সবাইকে আটক করছে। আমাদেরও আটক করবে।” এরপর পুলিশ তাঁকে নিয়ে যেতে চাইলে তিনি বলেন, “আমি গ্রেফতার হতেই এসেছি। আমি কাউকে ভয় পাই না। আমাকে গ্রেফতার করতে এসেছে। আসুন, গ্রেফতার করুন।” বিমানের ভিতরে দাঁড়িয়েই পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ঘটনার ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
ককরোচ জনতা পার্টির তরফে জানানো হয়েছিল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানো হবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়েও তাঁদের আপত্তি রয়েছে। অন্য দিকে, দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। রাজধানীতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি বিক্ষোভে যোগ দিতে আসা ব্যক্তিদের আটক করার পদক্ষেপও করা হয়। বিক্ষোভের আগেই দলের তিন নেতাকে বিমানের ভিতর থেকে আটক করার ঘটনায় সেই কর্মসূচি ঘিরে উত্তেজনা আরও বাড়ল।
- More Stories On :
- CJP Protest
- Detained

