মোথাবাড়ি কাণ্ডে ফের বড় পদক্ষেপ এনআইএ-র! এবার তলব সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে
মোথাবাড়ি-কাণ্ডে ফের তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে আবারও তলব করল এনআইএ। শুধু সাবিনা নন, তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলমকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনকেই হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনায় নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলাকালীন একদল মানুষের অভিযোগ ছিল, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই অভিযোগে মোথাবাড়ির বিডিও অফিসে ঢুকে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়।শুধু তাই নয়, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান উত্তেজিত মানুষজন। আটকে পড়া বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। মহিলা বিচারক-সহ একাধিক বিচারককে হেনস্তার ঘটনায় তদন্তভার নেয় জাতীয় তদন্তকারী সংস্থা।মোথাবাড়ি-কাণ্ডে মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দুটি মামলায় চার্জশিট জমা দিয়েছে এনআইএ। একটি মামলায় ২২ জনের বিরুদ্ধে এবং অন্য মামলায় এক জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। প্রথম চার্জশিটটি ৫৪ পাতার এবং দ্বিতীয়টি ১১ পাতার। সব মিলিয়ে ২৩ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, হেনস্তা, বেআইনিভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় এই অভিযোগগুলি দায়ের করা হয়েছে।এই ঘটনার তদন্তের সূত্রেই এর আগে সাবিনা ইয়াসমিনকে তলব করেছিল এনআইএ। গত ২৪ সেপ্টেম্বর তাঁকে মালদহের কালিয়াচক থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। সেদিন সকাল ১১টায় হাজির হওয়ার নির্দেশ থাকলেও তিনি সেখানে যাননি। সেই সময় তাঁর স্বামী অসুস্থ থাকায় কলকাতার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। স্বামীর চিকিৎসার জন্য কলকাতায় থাকায় সাবিনা ইয়াসমিন কলকাতায় এনআইএ-র দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।এ বার ফের তাঁকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আগামী সপ্তাহে দুজনের বক্তব্য জানতে চায় এনআইএ। মোথাবাড়ি-কাণ্ডের তদন্তে তাঁদের কী ভূমিকা বা কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

