নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্তের! রায়গঞ্জে কালীপুজোর রাতে কী ঘটল?
শুরুটা হয়েছিল বারুইপুরে। তার পর একের পর এক ঘটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে অপরাধে অভিযুক্তদের। এবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। কালীপুজোর রাতে বাংলা-বিহার সীমান্তে পুলিশের গুলিতে মৃত্যু হল ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত দিলীপ রায়ের। পুলিশের দাবি, বিহারে পালানোর চেষ্টা করছিলেন তিনি। পুলিশ তাঁকে ধরতে গেলে গুলি চালান অভিযুক্ত। পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই মৃত্যু হয় দিলীপের। তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার রায়গঞ্জে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে দিলীপ রায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গল থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়। তবে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তদন্তে পুলিশ জানতে পারে, ভিন্রাজ্যে পালানোর পরিকল্পনা করছেন দিলীপ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিলীপ রায়ের বাড়ি রায়গঞ্জের কমলাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গত মঙ্গলবার পাশের বাড়ির ১২ বছরের ওই নাবালিকাকে কুলিক নদী দেখানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যান তিনি। তার পর থেকেই নিখোঁজ ছিল মেয়েটি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলেও তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার আব্দুলঘাটার জঙ্গলে তার দেহ উদ্ধার হয়। অভিযোগ, বন দফতরের ঘেরা ওই জঙ্গলেই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়।পুলিশের দাবি, দিলীপের আদি বাড়ি ঝাড়খণ্ডে। সেই সূত্র ধরেই তাঁর পালানোর সম্ভাব্য রাস্তা নিয়ে খোঁজখবর শুরু হয়। তদন্তকারীরা জানতে পারেন, বাংলা-বিহার সীমান্তের পাড়ারপুকুর এলাকা দিয়ে বিহারের তারাপুরে পালানোর পরিকল্পনা করেছিলেন তিনি।রবিবার রাত ২টো নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে পাড়ারপুকুর বাঁধ এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে দিলীপকে ঘিরে ফেলার চেষ্টা করা হয়। পুলিশের দাবি, সেই সময় পকেট থেকে আগ্নেয়াস্ত্র বার করে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পুলিশের গাড়ির চাকাতেও পরপর গুলি চালানো হয়। এর পর আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দিলীপ। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা গিয়েছে, অভিযুক্ত দিলীপ ওই নাবালিকার জেঠু।রাজ্যে সাম্প্রতিক সময়ে একের পর এক পুলিশি অভিযানে অভিযুক্তদের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। বারুইপুর থেকে শুরু হয়ে সামশেরগঞ্জ, গাইঘাটা হয়ে এবার সেই তালিকায় যুক্ত হল রায়গঞ্জ। গত ৮ জুলাই বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। ২৭ অক্টোবর সামশেরগঞ্জে খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের গুলিতে মৃত্যু হয় সামাউল হকের। পরের দিন, ২৮ অক্টোবর উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ধর্ষণ করে খুনের মামলায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হয় পুলিশের গুলিতে।এই ধরনের পুলিশি অভিযান নিয়ে বিরোধীদের মধ্যে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। তবে অপরাধ দমনে কড়া পদক্ষেপের পক্ষে বার বার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। গত ২৯ অক্টোবর রায়গঞ্জের জনসভা থেকেও নারী নির্যাতন এবং অপরাধমূলক কাজের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন তিনি।মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার স্বাধীনতা দেওয়া হয়েছে। ধর্ষণ বা শ্লীলতাহানির মতো অপরাধ ঘটলে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তাঁর সেই বক্তব্যের ১১ দিনের মাথায় রায়গঞ্জে পুলিশের গুলিতে নাবালিকা খুনের মামলায় অভিযুক্তের মৃত্যু ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

