ধোনির বিদায়ে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের, শ্রদ্ধায় ভাসালেন নামজাদা ক্রিকেটাররা
রীতিমতো একটা যুগের অবসান! আইপিএলের বাইশ গজে আর দেখা যাবে না মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের ঝলক। চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ ১৯ বছরের যাত্রায় ইতি টেনে খেলোয়াড় হিসেবে আইপিএলকে বিদায় জানিয়েছেন ক্যাপ্টেন কুল। তবে নতুন মরশুমে মেন্টর হিসেবে চেন্নাইয়ের সঙ্গেই থাকছেন তিনি। আর ধোনির এই সিদ্ধান্ত সামনে আসতেই আবেগে ভাসল গোটা ক্রিকেটমহল। প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজিগুলি, সকলেই শ্রদ্ধা জানালেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তিকে।ধোনির বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ধোনির নেতৃত্ব, চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ম্যাচ শেষ করার দক্ষতার প্রশংসা করেছেন তিনি। ইরফানের মতে, ভারতীয় ক্রিকেটে ধোনির প্রভাব এবং তাঁর তৈরি করা উত্তরাধিকার সহজে ছোঁয়া সম্ভব নয়। আগামী প্রজন্মও তাঁর অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা পাবে।প্রাক্তন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানও ধোনির দীর্ঘ ক্রিকেটীয় যাত্রার প্রশংসা করেছেন। তাঁর নেতৃত্ব, শান্ত স্বভাব এবং ক্রিকেটে অবদানের কথা উল্লেখ করে নতুন ভূমিকায় ধোনিকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।অন্যদিকে, চেন্নাইয়ের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের বার্তাতেও ধরা পড়েছে আবেগ। ২০১৯ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ধোনির কাছ থেকে সরলতা, নেতৃত্ব এবং ক্রিকেটের নানা খুঁটিনাটি শেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজাও সমাজমাধ্যমে প্রিয় মাহি ভাই-কে বিদায়বার্তা দিয়েছেন।শুধু সতীর্থরাই নন, আবেগপ্রবণ ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলেও। তাঁর মতে, ধোনি ও চেন্নাই সুপার কিংস যেন একে অপরের পরিপূরক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের মতো প্রতিপক্ষ ফ্র্যাঞ্চাইজিও বিশেষ বার্তায় শ্রদ্ধা জানিয়েছে ধোনিকে।খেলোয়াড় হিসেবে ধোনির আইপিএল অধ্যায় শেষ হলেও তাঁর প্রভাব শেষ হচ্ছে না। এবার মেন্টর হিসেবে তরুণদের পথ দেখাবেন তিনি। ক্রিকেটপ্রেমীদের কাছে এই বিদায় তাই শুধুই অবসরের ঘোষণা নয়, এক আবেগঘন মহেন্দ্রক্ষণ।

