ভোটার তালিকা প্রকাশ, দোলযাত্রা ও হোলি উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশের তরফে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার জারি হওয়া অর্ডার নম্বর ৪১২ অনুসারে সমস্ত বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। রাজ্যের বিভিন্ন সশস্ত্র বাহিনী ও বিশেষ ইউনিটগুলিকে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হচ্ছে।
ডিআইজি, আইজিপি এবং এডিজি-সহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। প্রত্যেক ব্যাটালিয়ন সদর দফতরে সর্বোচ্চ সংখ্যক অফিসার ও জওয়ান মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ও রুটিন ডিউটি থেকে বাহিনীকে সরিয়ে প্রস্তুত রাখা হবে। শুক্রবার সন্ধ্যা থেকেই যে কোনও পরিস্থিতি সামাল দিতে চরম সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করতে বলা হয়েছে।
এদিকে শুক্রবার সন্ধ্যাতেই রাজ্যে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আপাতত ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে বীরভূমে ৭ কোম্পানি, পুরুলিয়ায় ৫ কোম্পানি, কলকাতায় ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১২ কোম্পানি, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে ৪ কোম্পানি এবং পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি বাহিনী থাকবে। অধিকাংশ জেলাতেই ১০-এর কম কোম্পানি বাহিনী রাখা হচ্ছে।
প্রশাসনিক সূত্রে খবর, এই ২৪০ কোম্পানির পর আরও ৪০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। পরবর্তী ধাপে আরও ২০০ কোম্পানি বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ফলে দোল ও হোলি উৎসবের আগে এবং ভোটার তালিকা প্রকাশের প্রেক্ষিতে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
- More Stories On :
- Central Force
- West Bengal

