নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসেবে হাসি রানি রথের নাম ঘিরে জল্পনা তুঙ্গে। প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথ আজ মনোনয়ন জমা দিতে পারেন বলে জানা গিয়েছে। বিজেপির তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে নন্দীগ্রামে ইতিমধ্যেই তাঁর নামে পোস্টার পড়েছে। সূত্রের খবর, মনোনয়ন ঘিরে বড় কর্মসূচিরও প্রস্তুতি শুরু করেছে বিজেপি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র ছেড়ে এসেছেন, সেই আসনেই আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। ফলে শুরু থেকেই এই কেন্দ্রের প্রার্থী নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা ছিল। বিজেপির তরফে একাধিক নাম নিয়ে আলোচনা চলছিল। তবে প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসি রানি রথের নাম নিয়েই সবচেয়ে বেশি জল্পনা ছিল। সূত্রের খবর, শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
জানা গিয়েছে, আজ মনোনয়ন জমা দেওয়ার আগে নন্দীগ্রাম বিধানসভার জানকীনাথ মন্দিরে পুজো দেবেন হাসি রানি রথ। ইতিমধ্যেই দলের কর্মী-সমর্থকেরা সেখানে জমায়েত হতে শুরু করেছেন। পুজোর পর প্রায় ২০ হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি রয়েছে। হলদিয়ার কদমতলা মোড় থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
দলের তরফে আস্থা রাখায় খুশি হাসি রানি রথ। তিনি জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করার চেষ্টা করবেন। এর আগে একটি সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, দল যদি তাঁকে কোনও গুরুদায়িত্ব দেয়, তা হলে তিনি সেই দায়িত্ব যথাসাধ্য পালন করবেন।
তখন হাসি রানি রথ বলেছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের পরিবারের অভিভাবক। তিনি কোনও গুরুদায়িত্ব দিলে তা মাথা পেতে নেবেন। দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথাও জানিয়েছিলেন তিনি। তাঁর দাবি অনুযায়ী, ১৯৯৮ সাল থেকে তিনি রাজনীতিতে রয়েছেন। দু’বার পঞ্চায়েত সদস্য এবং তিন বার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন।
নন্দীগ্রাম উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর—এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, বাম এবং কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছে।
নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী হয়েছেন চাকরিহারা শিক্ষিকা সঞ্চিতা প্রধান দে। তাঁকে প্রার্থী করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দীগ্রামে লড়তে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনায় ইতি টেনে নতুন মুখের উপরেই ভরসা করেছে কালীঘাট তৃণমূল। অন্য দিকে, ঋতব্রত শিবিরের প্রার্থী এহতেশামুল হক। বামেদের তরফে প্রার্থী করা হয়েছে সিপিআই-এর শান্তিগোপাল গিরিকে।
এই পরিস্থিতিতে বিজেপির তরফে হাসি রানি রথের নাম সামনে আসায় নন্দীগ্রামের উপনির্বাচনের লড়াই আরও জমে উঠেছে। যদিও দলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা এখনও রয়েছে। আজকের মনোনয়ন এবং তার আগে বড় মিছিলের দিকে তাই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
- More Stories On :
- BJP Candidate
- Chandranath Rath Mother
- Nandigram

