দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হল চার নাবালক। রাস্তার ধারে খেলতে খেলতেই পাশে রাখা রাসায়নিক ভর্তি ড্রামে আচমকা বিস্ফোরণ ঘটে। আগুনে দগ্ধ হয়ে চার জনই গুরুতর আহত হয়। অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে এক নাবালক পাশের পুকুরে ঝাঁপ দেয়।
ঘটনাটি ঘটেছে ক্যানিং পূর্ব বিধানসভার ঘটকপুকুর থেকে মধ্য খড়গাছি পর্যন্ত চলা রাস্তা মেরামতির কাজে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক দিন আগে শুরু হওয়া সংস্কারের সময় প্রায় ২০০ লিটার লাইট ডিজেল অয়েল ভর্তি একটি ড্রাম রাস্তার ধারে ফেলে রাখা ছিল। সেই ড্রামের কাছেই খেলছিল ৮ থেকে ১০ বছর বয়সী চার পড়ুয়া। হঠাৎ বিকট শব্দে ড্রামটি ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় এক শিশু মারাত্মকভাবে ঝলসে যায়। বাকি তিনজনও দগ্ধ হয়।
আহতদের নাম সাদিকুল মোল্লা, সামিউল মোল্লা, রায়হান মোল্লা এবং রিয়াজ হাসান মোল্লা। তারা সকলেই স্থানীয় খড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার এনআ. বাঙুর পাঠানো হয়। হাসপাতাল সূত্রে খবর, সাদিকুলের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়ে ভাঙড় ডিভিশনের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছান। পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাস্তা মেরামতির সময় যথাযথ নিরাপত্তা ছিল কি না এবং দাহ্য পদার্থ খোলা রাস্তায় কেন রাখা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে। শিশুদের নিরাপত্তা নিয়ে এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
- More Stories On :
- Canning
- Chemical Drum
- Explosion

