রঞ্জি ট্রফিতে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলা। পর পর তিনটি ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল দল। কিন্তু চতুর্থ ম্যাচে ঘরের মাঠে মহারাষ্ট্রের কাছে হেরে সেই জায়গা হারাতে হয়েছে অভিমন্যু ঈশ্বরণের দলকে। আপাতত আড়াই মাসের বিরতি রঞ্জি ট্রফিতে। তার আগেই এ বার টি-টোয়েন্টি ক্রিকেটে মন দিতে চলেছে বাংলা। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার অভিযান। বৃহস্পতিবার মহারাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ শেষ হওয়ার পরেই এই প্রতিযোগিতার জন্য ২০ সদস্যের দল ঘোষণা করল ক্রিকেট সংস্থা।
বাংলার অধিনায়ক করা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে। দলে রয়েছেন সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল, শাকির হাবিব গান্ধী, যুবরাজ কেসওয়ানি, আদিত্য পুরোহিত, করণ লাল, সৌরভ হালদার, প্রদীপ্ত প্রামাণিক, প্রয়াস রায় বর্মন, মহম্মদ শামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, কনিষ্ক শেঠ, সায়ন ঘোষ, সৈয়দ আফতাব ইরফান, শশাঙ্ক সিং, অখিলেশ যাদব এবং ঋষভ চৌধুরি। অভিষেক পোড়েল ও শাকির হাবিব গান্ধী দলের দুই উইকেটরক্ষক।
তবে প্রতিযোগিতার শুরু থেকেই সব ক্রিকেটারকে পাওয়া যাবে না। শাহবাজ আহমেদ ভারতীয় 'এ' দলের হয়ে রাইজ়িং স্টার্স এশিয়া কাপে খেলবেন। ফলে গ্রুপ পর্বের ম্যাচগুলিতে তাঁকে পাবে না বাংলা। তবে দল পরের পর্বে উঠলে তাঁকে পাওয়া যেতে পারে। সেই কথা মাথায় রেখেই দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। শাহবাজের অনুপস্থিতিতে দলের ভারসাম্য কিছুটা নষ্ট হতে পারে বলে মনে করছেন দলের একাংশ।
অন্য দিকে, মুকেশ কুমারও আপাতত ভারতীয় 'এ' দলের হয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলছেন। সেখান থেকে ফিরে তিনি বাংলার দলের সঙ্গে যোগ দেবেন। ফলে প্রতিযোগিতার শুরুতে তাঁকেও পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
আগামী ১৪ নভেম্বর কর্নাটকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু করবে বাংলা। এ বারের প্রতিযোগিতায় গ্রুপ পর্বের ম্যাচগুলি মুম্বইয়ে খেলবে তারা। কর্নাটক ছাড়াও বাংলার গ্রুপে রয়েছে চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মিজোরাম, বরোদা, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। ফলে পরের পর্বে ওঠার লড়াই যে সহজ হবে না, তা ভালই জানে বাংলা শিবির।
সেই কারণেই শুক্রবার থেকেই প্রস্তুতি শুরু করতে চলেছে দল। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, যাঁরা সদ্য রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন, তাঁদের শুক্রবারের অনুশীলনে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। বাকি ক্রিকেটারদের নিয়ে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে অনুশীলন শুরু হবে। সেখানে তিন দিন প্রস্তুতির পর দু’দিন ইডেনে অনুশীলন করবে দল।
ইডেনের অনুশীলনে উপস্থিত থাকতে পারেন ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এর আগেও বাংলার ক্রিকেটারদের অনুশীলনে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন তিনি।
আগামী ১১ নভেম্বর মুম্বইয়ের উদ্দেশে রওনা হবেন অভিমন্যুরা। তবে দলের সঙ্গে একই সময়ে যাচ্ছেন না মহম্মদ শামি। বৃহস্পতিবারই কলকাতা ছেড়েছেন বাংলার তারকা পেসার। তিনি সরাসরি মুম্বইয়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। রঞ্জিতে মহারাষ্ট্রের কাছে হারের পর এ বার টি-টোয়েন্টিতে কতটা ঘুরে দাঁড়াতে পারে বাংলা, সেটাই দেখার।
- More Stories On :
- Bengal Cricket Team
- Ranji Trophy
- Sourav Ganguly

