সুপ্রিম কোর্টের রায়ে রক্ষাকবচ বাতিল হওয়ার পরেই গ্রেপ্তার হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শীর্ষ আদালতের সিদ্ধান্তের পর সুমিতের খোঁজে তৎপর হয়ে ওঠে সিআইডি এবং এসটিএফ। বৃহস্পতিবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। সেখান থেকেই সুমিতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
শালবনির জমি-দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত। এই মামলায় আগাম জামিন চেয়ে প্রথমে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সেখানে আবেদন খারিজ হয়ে যায়। এরপর সুপ্রিম কোর্টে যান সুমিত।
বুধবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তদন্তকারীদের তরফে সুমিতের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন তোলা হয়।
তদন্তকারীদের দাবি, গত জুন মাসে সুমিতের একটি অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা হয়েছিল। তাঁর অ্যাকাউন্টে মোট প্রায় ১৫ কোটি টাকা জমা হওয়ার কথাও আদালতে জানানো হয়। এই বিপুল টাকার উৎস নিয়ে তদন্তকারীরা সন্দেহ প্রকাশ করেন।
এর আগে সুমিতের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছিল। সেই কারণে জিজ্ঞাসাবাদের সময় কী প্রশ্ন করা হয়েছিল এবং সুমিত কী উত্তর দিয়েছিলেন, তার লিখিত রেকর্ড দেখতে চায় সুপ্রিম কোর্ট। বুধবার আদালতে জিজ্ঞাসাবাদের ভিডিয়োর লিখিত রেকর্ড জমা দেওয়া হয়।
এর পরেই প্রধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণ করে, সুমিতকে তদন্তে সহযোগিতা করার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করেননি বলেই আদালতের পর্যবেক্ষণ।
রক্ষাকবচ বাতিল হওয়ার পর বৃহস্পতিবারই সুমিতের খোঁজে তৎপর হয়ে ওঠে সিআইডি এবং এসটিএফ। তদন্তকারীদের কাছে খবর ছিল, কালীঘাটে অভিষেকের বাড়িতে থাকতে পারেন সুমিত। সেই খবরের ভিত্তিতেই বাড়িটি ঘিরে অভিযান চালানো হয়।
জানা গিয়েছে, দীর্ঘক্ষণ বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করার পর তদন্তকারীরা ভিতরে ঢোকার সুযোগ পান। শেষ পর্যন্ত সেখান থেকেই সুমিত রায়কে গ্রেপ্তার করা হয়। তাঁকে পরে ভবানী ভবনে নিয়ে যায় সিআইডি।
এর আগে অভিষেকের কালীঘাটের বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালানোর ঘটনাও ঘটেছিল। তবে তখন সুমিতের সন্ধান মেলেনি। এবার রক্ষাকবচ বাতিল হওয়ার পর ফের সেই বাড়িতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হল। সুমিতের উপর নজর রাখতে বাড়ির আশপাশেও পুলিশ নজরদারি চালাচ্ছিল বলে জানা গিয়েছে।
সুমিতকে গ্রেপ্তারের পর বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীও তাঁর বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন। তিনি সুমিতকে ‘তোলাবাজ ভাইপোর এক নম্বর কালেক্টর’ বলে কটাক্ষ করেন।
সুমিতকে ঘিরে তদন্তের ঘটনা অবশ্য এখানেই শেষ নয়। এর আগে তাঁর বিরুদ্ধে নোটিস জারি হয়েছিল। পরে আচমকাই নিজে সিআইডি দফতরে হাজিরা দিতে যান তিনি। সেখানে টানা ১১ দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় তখন গ্রেপ্তার করা যায়নি।
এবার সেই রক্ষাকবচ বাতিল হওয়ার পরই গ্রেপ্তার হলেন সুমিত। তাঁকে শুক্রবার মেদিনীপুরের আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। তাঁর গ্রেপ্তারের পর মামলার তদন্ত কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

