ইরান-ইজরায়েলের সংঘাতের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিম এশিয়ায়। তারই মাঝে দুবাইয়ে গিয়ে বিপাকে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে রয়েছে তাঁর ছোট ছেলে ইউভান। পরিস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পরিবার। মেয়ের সঙ্গে কথা বলে আশঙ্কার কথা জানিয়েছেন শুভশ্রীর বাবা দেবপ্রসাদবাবু।
তিনি জানান, শনিবার যুদ্ধ পরিস্থিতির খবর পাওয়ার পর থেকেই চিন্তা বাড়ে। সঙ্গে সঙ্গে মেয়েকে ফোন করেন তিনি। প্রথমে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা না গেলেও রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ফোনে কথা হয়। শুভশ্রী তাঁকে জানিয়েছেন, যেখানে তাঁরা রয়েছেন তার কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ছোট ছেলে ইউভান খুবই চঞ্চল। তাকে হোটেলের ঘরে আটকে রাখা বেশ কঠিন হয়ে পড়েছে। বর্তমানে তাঁরা হোটেলেই অবস্থান করছেন, বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
জানা গিয়েছে, ইউভানের স্কুলে ছুটি পড়ার পর তার আবদারেই দুবাই বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। শনিবারই সেখানে পৌঁছন তাঁরা। কিন্তু পৌঁছনোর পর থেকেই পরিস্থিতি দ্রুত জটিল হতে শুরু করে। এই মুহূর্তে পাম জুমেইরার একটি হোটেলে রয়েছেন তাঁরা। হোটেলের অদূরেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
শুভশ্রীর স্বামী, বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তী রবিবার জানিয়েছেন, স্ত্রী ও ছেলে আপাতত নিরাপদেই রয়েছেন। তবে উদ্বেগ যে রয়েছে, তা স্বীকার করেছেন তিনি। রাজ বলেন, সরকারের পক্ষ থেকে বাইরে বেরোনো নিষেধ করা হয়েছে। দুবাইয়ে তাঁদের পরিচিত বন্ধু ও আত্মীয়রা খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সাহায্য করছেন। পরিবার দুশ্চিন্তায় থাকলেও আতঙ্কিত নন বলে জানান তিনি।
শুধু শুভশ্রী নন, দুবাইয়ে আটকে পড়েছেন আরও অনেকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-এর স্ত্রী, মেয়ে ও নাতনিও সেখানে রয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি অভিনেত্রী সোনাল চৌহান এবং ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু-র নামও শোনা যাচ্ছে। ভারতের বাস্কেটবল দলের সদস্যরাও সেখানে আটকে রয়েছেন বলে খবর।
পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আপাতত হোটেলের ঘরেই দিন কাটছে শুভশ্রী ও ইউভানের। পরিবারের একটাই প্রার্থনা, দ্রুত সবকিছু স্বাভাবিক হোক এবং নিরাপদে দেশে ফিরতে পারেন তাঁরা।
- More Stories On :
- Shubhashree Ganguly
- Dubai
- Iran-Israel conflict

