আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মনোনয়ন পেশের প্রস্তুতি শুরু করে দিল শাসক শিবির। সূত্রের খবর, আগামী আট এপ্রিল ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার সার্ভে বিল্ডিংয়েই তাঁর মনোনয়ন পেশ করার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, ওই দিন ভবানীপুর বিধানসভা এলাকার অন্তর্গত সব কাউন্সিলর উপস্থিত থাকতে পারেন। পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্বও সেখানে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। ফলে মনোনয়ন পেশের দিনটি বড় রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের।
ভবানীপুর কেন্দ্র দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তাই এই কেন্দ্র থেকেই তাঁর মনোনয়ন পেশ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, নন্দীগ্রাম আসনের জন্য ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন দলের নেতা দিলীপ ঘোষ। এ বছরের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই কেন্দ্রেই প্রার্থী হয়েছেন শুভেন্দু।
এর আগে দলীয় প্রতীক তুলে দেওয়া হয় শুভেন্দুর হাতে। ফলে একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে ভবানীপুর— দুই কেন্দ্রেই রাজনৈতিক লড়াই এখন তুঙ্গে।
- More Stories On :
- Mamata Banerjee
- Bhabanipur,

