কলকাতার দুই নামী সরকারি হাসপাতালে একদিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এসএসকেএম হাসপাতালে এক সাফাই কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, অন্যদিকে আরজি কর হাসপাতালে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই দুই ঘটনার পর স্বাস্থ্য পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
এসএসকেএম হাসপাতালের নিউ ওপিডি ভবনের তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয় ইমরান সর্দার নামে এক যুবকের দেহ। বয়স একুশ বছর। তিনি চুক্তিভিত্তিক সাফাই কর্মী ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ঘটনাস্থলের দরজা ভিতর থেকে বন্ধ ছিল বলেও জানা গেছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরিবারের সদস্য এবং সহকর্মীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে আরজি কর হাসপাতালে আরও একটি মর্মান্তিক ঘটনার অভিযোগ সামনে এসেছে। নাগেরবাজারের এক বাসিন্দা ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। অভিযোগ, ট্রমা কেয়ার ভবনের লিফটে আটকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রায় দেড় ঘণ্টা তিনি লিফটের ভিতরে আটকে ছিলেন। অনেক চিৎকার করলেও কেউ সাহায্য করতে আসেনি।
মৃতের পরিবারের সদস্যরা জানান, লিফটের দরজা খুলতে দেরি হওয়াতেই এই দুর্ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ, রাতে কোনও লিফটম্যান উপস্থিত ছিলেন না। এমনকি লিফটটি আগে থেকেই খারাপ ছিল বলেও দাবি করেছেন অন্য রোগীর পরিজনেরা। কিন্তু সেই বিষয়ে কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ।
এই দুই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা এবং পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। যদিও এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
- More Stories On :
- SSKM
- Youth Death

