লাহোরে প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হল লস্কর-ই-তৈবার সহ প্রতিষ্ঠাতা আমির হামজা। আজ সকালে একটি সংবাদমাধ্যমের কার্যালয়ের বাইরে তাঁর উপর এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হঠাৎ করেই তাঁর উপর হামলা চালায়। খুব কাছ থেকে একাধিক গুলি করা হয় বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আমির হামজা দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত। হাফিজ সইদের সঙ্গে তিনি লস্কর-ই-তৈবা গড়ে তুলেছিলেন। ভারতে একাধিক জঙ্গি হামলার সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, তিনি এক সময় আফগান মুজাহিদ্দিনের সদস্য ছিলেন। পরে লস্কর-ই-তৈবার কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেন। জঙ্গিদের জন্য অর্থ জোগাড় করা, নতুন সদস্য নিয়োগ করা এবং গ্রেফতার জঙ্গিদের মুক্তির জন্য দর কষাকষির দায়িত্বও সামলাতেন তিনি। পাশাপাশি সংগঠনের পত্রিকার সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ লস্কর-ই-তৈবাকে জঙ্গি সংগঠন ঘোষণা করার সময় আমির হামজাকেও নিষিদ্ধ জঙ্গি হিসেবে চিহ্নিত করে।
২০১৮ সালে পাকিস্তানে লস্করের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের উপর অভিযান শুরু হলে তিনি নিজেকে কিছুটা আড়ালে সরিয়ে নেন। পরে নিজের একটি আলাদা গোষ্ঠী তৈরি করেন। যদিও লস্করের সঙ্গে তাঁর যোগাযোগ বজায় ছিল বলেই জানা যায়। জম্মু-কাশ্মীরেও তাঁর সক্রিয়তা নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে।
এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
- More Stories On :
- Lashkar E Taiba
- Co Founder
- Lahore

