বাংলাদেশে হামের ভয়াবহ সংক্রমণে প্রাণ গেল ১২০০-র বেশি মানুষের। মৃতদের অধিকাংশই শিশু। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জরুরি ভিত্তিতে টিকাকরণ কর্মসূচি শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। কিন্তু তাতেও কমছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে শিশুদের মৃত্যুর দায় কার, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আর সেই বিতর্কের মধ্যেই বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, দায় আমার। আমাকে ফাঁসি দিন।বাংলাদেশের সংবাদমাধ্যম কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিন-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার, ৯ নভেম্বর হামের সংক্রমণে এত মানুষের মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় সাত মাস ধরে চলা এই সংক্রমণে ১২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই শিশু। এই মৃত্যুর জন্য আগের মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, নাকি বর্তমান বিএনপি সরকার দায়ী, এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দায় আমার। আমাকে ফাঁসি দিন। এটি আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করেছি। আমার সরকারের ব্যর্থতা নয়।তবে হামের সংক্রমণ নিয়ে বিতর্ক এখানেই থামেনি। বর্তমান বিএনপি সরকারের অভিযোগ, মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে দেশজুড়ে নির্ধারিত হামের টিকাকরণ কর্মসূচি চালানো হয়নি। এমনকি জরুরি পরিস্থিতির জন্য টিকার মজুতও রাখা হয়নি। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য ডেলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, এই অভিযোগের তদন্ত করছে একটি বিশেষ কমিশন।বাংলাদেশের স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের দাবি, ২০২৪ সালের শেষ দিকে অথবা ২০২৫ সালের গোড়ায় দেশজুড়ে শিশুদের টিকাকরণের বিশেষ কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু তৎকালীন অন্তর্বর্তী সরকার সেই কর্মসূচি চালায়নি। স্বাস্থ্য মন্ত্রকের কাছে জরুরি পরিস্থিতির জন্য কোনও টিকার মজুতও ছিল না বলে অভিযোগ তাঁর।মুহিতের আরও দাবি, বিএনপি সরকার ফেব্রুয়ারি মাসে ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মধ্যেই দেশে হামের ভয়াবহ সংক্রমণ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কার গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছে। ওই কমিশনে রয়েছেন এক জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং এক জন চিকিৎসা বিশেষজ্ঞ।তবে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের দাবি, হামের টিকার অধিকাংশই ভারত থেকে আমদানি করা হয়নি। তাঁর বক্তব্য, মোট টিকার মাত্র ৮ শতাংশ এসেছে ভারত থেকে। বাকি টিকা জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পর ইউনিসেফের মাধ্যমে সেই টিকা সরবরাহ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।মন্ত্রী আরও দাবি করেছেন, বর্তমানে হামে আক্রান্ত শিশুদের অধিকাংশই আগে টিকা পায়নি। তাঁদের মধ্যে ছয় মাসের কম বয়সি শিশুর সংখ্যাও অনেক।বাংলাদেশে হামের টিকাকরণ নিয়ে সমস্যা অবশ্য নতুন নয়। ২০২০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে শেষ বার দেশজুড়ে বড় আকারে হামের টিকাকরণ কর্মসূচি হয়েছিল। তার পর আর এমন কোনও কর্মসূচি হয়নি বলে অভিযোগ। ২০২৪ সালে একটি বিশেষ টিকাকরণ কর্মসূচির পরিকল্পনা করা হলেও রাজনৈতিক অস্থিরতার কারণে তা পিছিয়ে যায়।বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে এক বছর বয়সি শিশুদের মধ্যে হামের টিকাকরণের হার কমে দাঁড়িয়েছিল মাত্র ৫৯.৬ শতাংশে। ফলে বিপুল সংখ্যক শিশু টিকার সুরক্ষা থেকে বঞ্চিত হয়। বিশেষজ্ঞদের মতে, টিকা না নেওয়া শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি।বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর শেষ হওয়া ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আরও দুজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১০ এপ্রিল থেকে সন্দেহভাজন ও পরীক্ষায় নিশ্চিত হামের সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮৪। তাঁদের মধ্যে ১১৭৯ জনের মৃত্যু সন্দেহভাজন হামের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে। বাকি ১০৫ জনের ক্ষেত্রে পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫৯ জনের শরীরে হামের সন্দেহভাজন উপসর্গ দেখা গিয়েছে। পরীক্ষায় নতুন করে সংক্রমণ নিশ্চিত হয়েছে ৮১ জনের। সব মিলিয়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৪০ হাজার। পরীক্ষায় নিশ্চিত সংক্রমণের সংখ্যা ২৪ হাজার ৫২৩।এখনও পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্ত ২ লক্ষ ১৪ হাজারেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২ লক্ষের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।পরিস্থিতি সামাল দিতে এপ্রিল মাস থেকেই জরুরি ভিত্তিতে টিকাকরণ শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ এবং গ্যাভির মতো আন্তর্জাতিক সংস্থাও এই কর্মসূচিতে সাহায্য করছে। কিন্তু টিকাকরণ চলার পরেও সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ কাটছে না। বিশেষ করে ছোট শিশুদের নিয়ে চিন্তায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে সময়মতো টিকাকরণ অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাকরণ কর্মসূচিতে সামান্য গাফিলতিও বড় বিপর্যয়ের কারণ হতে পারে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেই আশঙ্কাকেই আরও এক বার সামনে এনে দিয়েছে।