অভিনয়ের ব্যস্ততা সামলেও সংসার ও পরিবারের জন্য সময় বের করে নেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। উৎসব হোক বা পারিবারিক অনুষ্ঠান, স্বামী রাজ চক্রবর্তী এবং দুই সন্তানকে নিয়ে সময় কাটাতে দেখা যায় তাঁকে। অভিনয়ের পাশাপাশি ঈশ্বরের প্রতিও তাঁর অগাধ বিশ্বাস। এ বার বাপের বাড়ির কালীপুজোয় নিষ্ঠার সঙ্গে বিশেষ একটি রীতি পালন করলেন টলিপাড়ার অভিনেত্রী। তাঁর সেই ভিডিও দেখে মুগ্ধ অনুরাগীরা।
কালীপুজোয় শুভশ্রীর পরনে ছিল টুকটুকে লাল শাড়ি। গা ভর্তি গয়না, সিঁথিভরা সিঁদুর এবং কপালে ছোট্ট লাল টিপ। দুই সন্তানকে সঙ্গে নিয়েই বাপের বাড়ির পুজোয় যোগ দিয়েছিলেন অভিনেত্রী। মেয়ে ইয়ালিনির পরনেও ছিল মায়ের সঙ্গে মানানসই লাল পোশাক। অন্য দিকে, ছেলে ইউভান সেজেছিল হলুদ পাঞ্জাবিতে।
তবে পুজোর বিশেষ আকর্ষণ ছিল শুভশ্রীর ধুনো পোড়ানোর রীতি পালন। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, দুই হাতে এবং মাথায় মাটির পাত্র নিয়ে বসে রয়েছেন অভিনেত্রী। সেই পাত্রগুলিতে জ্বলছিল ধুনো। পরিবারের মঙ্গল এবং সন্তানদের কল্যাণ কামনায় বিবাহিত মহিলারা এই রীতি পালন করেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। নিষ্ঠার সঙ্গে সেই রীতি পালন করতে দেখা যায় শুভশ্রীকে। অভিনেত্রীর এই রূপ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। অনেকেই তাঁর ভক্তি ও নিষ্ঠার প্রশংসা করেছেন।
এ দিনের পুজোয় আরও একটি বিষয় নজর কেড়েছে। শুভশ্রীর পাশে দেখা গিয়েছে তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে। ধুনো পোড়ানোর সময় ভাগ্নি ইয়ালিনিকে সামলাতেও দেখা যায় তাঁকে।
দীর্ঘদিন ধরেই টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছিল, দুই বোনের সম্পর্কে নাকি দূরত্ব তৈরি হয়েছে। পারিবারিক অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছিল না। সেই জল্পনার মধ্যেই বাপের বাড়ির কালীপুজোয় পাশাপাশি দেখা গেল শুভশ্রী ও দেবশ্রীকে। দুই বোনকে একসঙ্গে দেখে খুশি তাঁদের অনুরাগীরা। তবে তাঁদের সম্পর্ক নিয়ে ওঠা জল্পনা সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দুই বোন।
সব মিলিয়ে, কালীপুজোয় শুভশ্রীর সাজ, ধুনো পোড়ানোর রীতি পালন এবং দিদি দেবশ্রীর সঙ্গে তাঁর এক ফ্রেমে থাকা— সব মিলিয়ে সমাজমাধ্যমে চর্চার কেন্দ্রে দুই বোন।
- More Stories On :
- Subhasree Ganguly
- Kali Puja

