অমৃতসরে গুলিতে খুন জনপ্রিয় মেকআপ শিল্পী ও সমাজমাধ্যমের পরিচিত মুখ ম্যাড সান্ধু ওরফে মধুসূদন। শনিবার সন্ধ্যায় লোহারকা রোডে বাইকে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান মধুসূদন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। হামলাকারীদের পরিচয় এবং খুনের কারণ এখনও স্পষ্ট নয়।
পুলিশ সূত্রে খবর, শনিবার সন্ধ্যা ছ’টা নাগাদ অমৃতসরের লোহারকা রোডে এই হামলার ঘটনা ঘটে। মোটরবাইকে করে আসা দুই ব্যক্তি মধুসূদনের উপর গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসা শুরু হওয়ার আগেই তাঁর মৃত্যু হয় বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি খুনের উদ্দেশ্যও জানার চেষ্টা চলছে।
অমৃতসরের পুলিশ কমিশনার হরমনবীর সিং গিল জানিয়েছেন, তদন্তে ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। সেই সূত্রের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
সমাজমাধ্যমে মেকআপ, ফ্যাশন, জীবনযাপন এবং লিঙ্গপরিচয় সংক্রান্ত নানা বিষয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করতেন মধুসূদন। এলজিবিটিকিউ সম্প্রদায়ের অধিকার নিয়েও প্রকাশ্যে কথা বলতেন তিনি। পাঞ্জাবি বিনোদন জগতের সঙ্গেও তাঁর যোগাযোগ ছিল এবং অভিনয়ও করেছিলেন। তাঁর পরিচিতি ছিল মেকআপ শিল্পী, ফ্যাশন নির্মাতা এবং সমাজমাধ্যমের জনপ্রিয় মুখ হিসেবে।
তাঁর বাবা পাঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ছিলেন বলে জানা গিয়েছে। কয়েক মাস আগে সমাজমাধ্যমে মধুসূদনের কিছু কনটেন্ট নিয়ে আপত্তি তুলেছিলেন নিহাং নেতা মনপ্রীত সিং খালসা। তাঁর বক্তব্য ছিল, ওই ধরনের কনটেন্ট পাঞ্জাবের সংস্কৃতি এবং তরুণদের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই পুরনো বিতর্কও এখন পুলিশের তদন্তের আওতায় রয়েছে। তবে ওই বিতর্কের সঙ্গে মধুসূদনের খুনের সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও প্রমাণিত হয়নি।
এর আগে পাঞ্জাবে সমাজমাধ্যমের পরিচিত মুখ কাঞ্চন কুমারী ওরফে কমল কৌর ভাবির খুনের ঘটনাও ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছিল। ওই মামলায় অমৃতপাল সিং মেহরন-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তদন্ত ও আইনি প্রক্রিয়া এখনও চলেছে। তবে সেই ঘটনার সঙ্গে মধুসূদন হত্যার কোনও যোগ রয়েছে কি না, তার কোনও প্রমাণ এখনও সামনে আসেনি।
মধুসূদনকে কেন খুন করা হল, কারা এই হামলার পিছনে রয়েছে এবং পুরনো বিতর্কের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনও সম্পর্ক আছে কি না, এখন সেই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পাঞ্জাব পুলিশ। তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে খুনের আসল কারণ স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
- More Stories On :
- Amritsar
- Makeup Artist
- Murder

