উত্তরাখণ্ডের কেদারতালে ট্রেকিং করতে গিয়ে তুষারধসে নিখোঁজ হয়েছেন বাঁকুড়ার পাঁচ বাসিন্দা-সহ মোট আট জন। গত পাঁচ দিন ধরে তাঁদের খোঁজে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন। মঙ্গলবার উদ্ধারকারী দল এক মহিলা ও এক পুরুষের দেহ উদ্ধার করেছে। তবে তাঁরা বাঁকুড়ার নিখোঁজ পাঁচ অভিযাত্রীর মধ্যে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
উত্তরাখণ্ড পুলিশের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ের উদ্ধারকারী দল যৌথ ভাবে তল্লাশি চালাচ্ছে। প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি পথের কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা নাগাদ উত্তরকাশী জেলা প্রশাসন জানায়, তুষারধসের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া এক মহিলা ও এক পুরুষের দেহ উদ্ধার করা হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ দিনের মতো উদ্ধার অভিযান বন্ধ করে বেস ক্যাম্পে ফিরে যায় দল। প্রশাসন জানিয়েছে, বুধবার সকালে ফের তল্লাশি শুরু হবে। উদ্ধার হওয়া দুই জনের পরিচয় এখনও জানা যায়নি।
উত্তরাখণ্ড সরকারের তরফে জানানো হয়েছে, নিখোঁজদের মধ্যে রয়েছেন বাংলার পাঁচ বাসিন্দা। তাঁদের নাম তাপস বাউড়ি, রতন ঘোষ, মনোজ খোভাস, রিন্টু মণ্ডল এবং উদয় ঘোষ। এ ছাড়াও উত্তরপ্রদেশের বর্তিকা বর্মা এবং উত্তরকাশীর বাসিন্দা সিদ্ধার্থ রানার খোঁজ মিলছে না। নিখোঁজ রয়েছেন এক গাইডও। তাঁদের প্রত্যেকের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। এই দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ হয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছে প্রশাসন।
জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর ১২ জনের একটি দল গঙ্গোত্রী থেকে কেদারতালের উদ্দেশে রওনা হয়েছিল। শুরুতে আবহাওয়া ভালোই ছিল। ওই দলে ছিলেন সাত জন অভিযাত্রী, এক জন গাইড, এক জন রাঁধুনি এবং তিন জন মালবাহক। কিন্তু পথে হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে। চার জন নিরাপদে ফিরে আসতে পারলেও বাকি আট জন তুষারধসে আটকে পড়েন।
২৯ অক্টোবর আচমকাই আবহাওয়ার বড় পরিবর্তন হয়। শুরু হয় তুষারঝড়। পাহাড়ের উপর থেকে নেমে আসে তুষারধস। তাতেই আটকে পড়েন অভিযাত্রীরা। দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম দিকে উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।
পরে হেলিকপ্টারের সাহায্যেও তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। একাধিক উদ্ধারকারী দল দুর্গম এলাকায় নিখোঁজদের খোঁজ চালাচ্ছে। মঙ্গলবার দু’জনের দেহ উদ্ধার হলেও বাঁকুড়ার পাঁচ বাসিন্দা-সহ বাকি নিখোঁজদের সন্ধান এখনও মেলেনি। বুধবার সকালে নতুন করে উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা।
- More Stories On :
- Snowstrom
- Bankura
- Uttarakhand,

