সরকারি অফিসের সামনেই হাতে ভিক্ষার পাত্র নিয়ে বসে রয়েছেন এক মহিলা। তাঁকে ঘিরে কৌতূহল স্থানীয়দের। বিহারের বক্সারের এই ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। তবে ওই মহিলা কোনও সাধারণ মানুষ নন, তিনি নিজেই সরকারি আধিকারিক। তাঁর অভিযোগ, টানা ১১ মাস চাকরি করেও বেতন পেয়েছেন মাত্র তিন মাসের। বাকি আট মাসের বেতন এখনও পাননি। তাই প্রতিবাদের অভিনব পথ বেছে নিয়েছেন তিনি।
ওই মহিলার নাম অর্পিতা সিং। তিনি ব্রহ্মপুর ব্লক অফিসে গ্রামীণ উন্নয়ন আধিকারিক হিসাবে কাজ করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় আর্থিক সমস্যায় পড়েছেন তিনি। শেষ পর্যন্ত ব্লক অফিসের সামনেই ভিক্ষার পাত্র নিয়ে বসে প্রতিবাদ জানান। জানা গিয়েছে, টানা দু’দিন ধরে এই প্রতিবাদ চালিয়েছেন তিনি।
অর্পিতার এই প্রতিবাদের ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। তাঁর বেতন আটকে থাকার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। কেন একজন সরকারি কর্মীকে এ ভাবে প্রতিবাদ করতে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। দ্রুত তাঁর বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ব্রহ্মপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে এই বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ব্লক অফিস এবং জেলা প্রশাসনের মধ্যে সমন্বয়ের অভাব থেকেই এই সমস্যা তৈরি হয়ে থাকতে পারে।
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও সরকারি কর্মীর বেতন আটকে রাখা যায় না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপও করা হচ্ছে বলে জানানো হয়েছে।
পাশাপাশি, সরকারি নিয়ম মেনে কাজ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নির্দেশ দিয়েছে প্রশাসন। সাধারণ মানুষ এবং সরকারি কর্মীদের সমস্যার দ্রুত সমাধান করার উপরেও জোর দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে অর্পিতা সিংয়ের আট মাসের বেতন আটকে রয়েছে, ব্লক অফিসের তরফে তার কী ব্যাখ্যা দেওয়া হয়, এখন সেটাই দেখার।
- More Stories On :
- Bihar
- Woman Officer
- Pending Salary

